সৈয়দ নজরুল ও আশরাফের ম্যুরাল বিকৃত করলো কারা?

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (০৩ জানুয়ারি)। এর আগের দিন কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও তার বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে কালো রঙ দিয়ে মুখমণ্ডল বিকৃত করে দিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার (০২ জানুয়ারি) ভোরে শহরের কালিবাড়ি এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে থাকা ম্যুরালের মুখমণ্ডল বিকৃত করে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতের কোনও একসময় কিশোরগঞ্জ শহরের কালিবাড়ি এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও তার বড় ছেলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে কালো রঙ লেপন করে বিকৃত করা হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে বিষয়টি নজরে এলে দ্রুত রঙ মুছে ফেলা হয়েছে। তবে ইতোমধ্যে ম্যুরাল বিকৃত করা ছবি দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে শহরজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগে ২০২১ সালের ৩০ জুলাই সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙচুরের চেষ্টা করা হয়।

২০১৯ সালের ৩ জানুয়ারি সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করেন। মঙ্গলবার তার চতুর্থ মৃত্যুবার্ষিকী। এর আগের দিন দুই নেতার ম্যুরাল বিকৃত করার ঘটনায় হতভম্ব স্থানীয়রা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও তার বড় ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জের কৃতী সন্তান। তাদের সবাই সম্মান করেন। কিন্তু এর আগে গত বছর সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে আঘাত করা হয়েছে। তার সঠিক বিচার হয়নি। এবার তাদের ম্যুরালে রঙ দিয়ে বিকৃত করা হয়েছে। ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতার দাবি জানাই।’

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘এ বিষয়ে পুলিশকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।’ 

সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, ‘রাতে কিংবা ভোরে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’