গাজীপুরের শ্রীপুরে পলিথিনে মুড়িয়ে ময়লার স্তূপে ফেলে যাওয়া এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌরসভার গরুহাটার পাশে ময়লার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গরুহাটার পাশের কাঁচাবাজারে ময়লার স্তূপে ময়লা ফেলতে যান এক ব্যবসায়ী। এ সময় পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানান ওই ব্যবসায়ী। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ময়নাতদন্তের জন্য নবজাতকের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেখে মনে হয়েছে, একদিনের নবজাতক। লাশটি কোথা থেকে এসেছে, তা জানার চেষ্টা চালাচ্ছি আমরা।’