গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থাকা হাজতি আব্দুল হোসেন খোকন (৫৫) মারা গেছেন। তিনি বরিশালের কোতোয়ালি থানার রাজধর গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় কারাগারে ছিলেন।
শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৮টায় হাসপাতালে তার মৃত্যু হয়। কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আমিরুল ইসলাম জানান, হরকাতুল জিহাদের (হুজি) সদস্য আব্দুল হোসেন খোকন প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে ছিলেন। সকাল সাড়ে ৭টা দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টায় মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খোকনের বিরুদ্ধে গোপালগঞ্জের মুকসুদপুর থানা এবং বরিশালের কোতোয়ালি থানায় মামলা ছিল। কারাবিধি অনুযায়ী লাশ হস্তান্তরের বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।