পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, সবাই মোটরসাইকেল আরোহী

মানিকগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়ক, মানিকগঞ্জ সদরে এবং দৌলতপুর উপজেলায় হওয়া এসব দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৭ জানুয়ারি) দুপুর ও বিকালে এসব দুর্ঘটনা ঘটে। সদর থানা ও দৌলতপুর থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের মৃত আরফান ইসলামের ছেলে মো. মমিনুল ইসলাম ইমন (১৭), একই উপজেলার রসুলপুরের মৃত সংকর হালদারের ছেলে অনিল হালদার (৩৪) ও সিংগাইর উপজেলার চারিগ্রামের দাশেরহাটি এলাকার শামসুজ্জামানের ছেলে ওয়ালিদ হাসান (১৪)।

পুলিশ জানায়, বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মূলজান এলাকায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিল হালদার (৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপরদিকে, সদরের পুটাইল ইউনিয়নের বাঙ্গালা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ওয়ালিদ হাসান (১৪) নামে একজন নিহত হয়েছে।

এছাড়া দুপুরে দৌলতপুরে চক মিরপুর ইউনিয়নের মুলকান্দি সেতু এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা গেছেন মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলাম ইমন (১৭)।

মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।

দৌলতপুর সদর থানার ওসি জাকারিয়া হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা করা হয়েছে।