কম দামে ইট বিক্রির কথা বলে ৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় মো. আব্দুর রাজ্জাক নামে এক ইটভাটা মালিককে গ্রেফতার করেছে র্যাব। তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারের বিষয়টি মঙ্গলবার (১০ জানুয়ারি) নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন। এর আগে সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার বিজয় মেলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রাজ্জাক সদরের মিতরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
লে. কমান্ডার মো. আরিফ হোসেন বলেন, ‘আব্দুর রাজ্জাক একাধিক ইটভাটার মালিক। কম দামে ইট দেওয়ার কথা বলে মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৩০ কোটি টাকা নেন। পরে ওসব ব্যক্তি ইট চাইলে টালবাহানা শুরু করেন। এ ঘটনায় ভুক্তভোগীরা সদর থানা ও আদালতে তার বিরুদ্ধে ২০টির বেশি মামলা করেন। এসব মামলায় আদালত থেকে জামিন নিয়ে প্রতারণা চালিয়ে যান রাজ্জাক।’
তিনি বলেন, সম্প্রতি এ বিষয়ে ২০-২৫ জন ভুক্তভোগী মানিকগঞ্জ র্যাব অফিসে লিখিত অভিযোগ দিলে রাজ্জাককে গ্রেফতার করা হয়। নতুন করে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’