বিকল ট্রাকে পিকআপের ধাক্কা, ট্রাকচালক নিহত 

মুন্সীগঞ্জের গজারিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকচালকের সহযোগী আহত হন।

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের জামালদি এলাকায় সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল বরগুনার পাথরঘাটা উপজেলার হরিতানা গ্রামের বাসিন্দা ছিলেন।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে সকালে গজারিয়ায় ট্রাকের চাকা বিকল হয়ে যায়। ট্রাকটি থামিয়ে চাকা মেরামত করছিলেন চালক এবং তার সহযোগী জাকির হোসেন। এ সময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। আহত হন তার সহযোগী জাকির। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ট্রাকচালকের মরদেহ ভবেরচর হাইওয়ে ফাঁড়িতে রয়েছে। কাভার্ডভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।