জুয়ার টাকা পরিশোধ করতে ছেলেকে অপহরণ, বাবাসহ গ্রেফতার ২

জুয়া খেলায় ঋণগ্রস্থ হয়ে প্রবাস ফেরত বাবার কাছ থেকে টাকা আদায়ের জন্য নিজ ছেলেকে অপহরণ করেছেন এক বাবা। এ ঘটনায় পুলিশ শিশুটির বাবা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে। 

বুধবার (৮ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

অপহৃত শিশু আফনান আল জামান (৭) উপজেলার এমসি বাজার এলাকায় বাবা-মার সঙ্গে থাকে। মঙ্গলবার (৭ মার্চ) রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালির বাজার গ্রামের পলাতক আসামি রিপন মিয়ার বাড়ি থেকে শিশুকে উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন শিশুটির বাবা কামরুজ্জামান (২৮) এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন সম্রাট (৩৮)। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালির বাজার গ্রামের রিপন মিয়া (২৮) পলাতক।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান জানান, সোমবার (৬ মার্চ) দুপুরে বাড়ির সামনে থেকে শিশু আফনানকে অপহরণ করেন কামরুজ্জামান। শিশুর বাবা একজন জুয়াড়ি ও মাদকসেবী। সম্প্রতি জুয়া খেলে তিনি ১ লাখ ৯৬ হাজার টাকা ঋণগ্রস্থ হন। এ টাকা পরিশোধের জন্য সহযোগী রিপনের পরামর্শে ছেলেকে অপহরণ করেন। পরে স্ত্রীর মোবাইলে কল করে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় শিশুর মা সামিরা জাহান পপি শ্রীপুর থানায় মামলা করেন। পুলিশ কামরুজ্জামান ও সম্রাটকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে শিশুর বাবা জানান, বন্ধু রিপনের পরামর্শে ছেলেকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর রিপনের মায়ের কাছে রেখে আসেন। পরে তাদের স্বীকারোক্তিতে মঙ্গলবার রাতে ময়মনসিংহের ত্রিশালের কালির বাজার গ্রামে রিপনের বাড়ি থেকে শিশুকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শিশুর দাদা সম্প্রতি প্রবাস থেকে ফিরেছেন। অপহরণকারীদের ধারণা ছিল, নাতিকে অপহরণ করলে মুক্তিপণ হিসেবে দাদার কাছ থেকে টাকা আদায় করে ঋণ পরিশোধ করবেন। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।