পৌরসভায় জিতলেও দুই ইউপিতে হেরেছেন নৌকার প্রার্থী

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকার প্রার্থী জয়ী হয়েছেন। তবে ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়ন ও নাগরপুরের ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে এ ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

এলেঙ্গা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর এ আলম সিদ্দিকী নৌকা প্রতীকে ১৩ হাজার ৬১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাফী খান জগ প্রতীকে পেয়েছেন আট হাজার ৮০৫ ভোট। 

এদিকে, ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ বাহার মোটরসাইকেল প্রতীকে চার হাজার ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম চশমা প্রতীকে তিন হাজার ৫৬৭ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রাার্থী হেকমত সিকদার তিন হাজার ৪৪৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

নুর এ আলম সিদ্দিকী

অপরদিকে, নাগরপুরের ভাড়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবুবকর ছিদ্দিক আনারস প্রতীকে পাঁচ হাজার ৯৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী রিয়াজ উদ্দিন তালুকদার নৌকা প্রতীকে তিন হাজার ৯৯৬ ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বলেন, ‘কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়েছে।’