টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানুরবাড়ি এলাকার যমুনা নদীতে এই ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
মারা যাওয়া দুই ভাই হলেন- উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। নিহত সুজয় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও লিখন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, তারা কয়েকজন বন্ধু মিলে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে বড় ভাই সুজয় সাঁতার না জানায় পানিতে ডুবে যাচ্ছিল। পরে তাকে বাঁচাতে ছোট ভাই লিখন এগিয়ে গেলে সেও পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুমাইয়া জান্নাত বলেন, মৃত অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে আনা হয়েছিল।