ফরিদপুরে চরমপন্থিদের পুনর্বাসন প্রকল্প পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়য় সভা করেছে জেলা প্রশাসন। সোমবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বাটিকামারী এলাকায় পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় আত্মসমর্পণকারী ৪০ চরমপন্থির পুনর্বাসনের জন্য বাটিকা-মারী এলাকায় ২৫ একর জায়গা প্রস্তাব করা হয়। ইতিমধ্যে ১২.৯৪ একর জমির নিষ্পত্তি হয়েছে। বাকি জমি স্থানীয়দের কাছ থেকে লিজ নিয়ে চরমপন্থিদের পুনর্বাসনের প্রকল্পের জন্য কাজ করা হবে। পরে এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আমরা আত্মসমর্পণকারী চরমপন্থিদের পুনর্বাসনের কাজ শুরু করি। এরই অংশ হিসেবে স্থানীয় ভূমি মালিকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে উপকৃত হবেন আত্মসমর্পণকারী চরমপন্থি ও স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, সমাজ সেবার উপ-পরিচালক আলী আহসান, স্থানীয় ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া প্রমুখ।