আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘বাংলার মাটিতে দুর্নীতিবাজদের ঠাঁই নেই। আর কোনোদিন সন্ত্রাসী তারেক রহমান, লুটেরা বিএনপি-জামায়াতের কাছে বাংলাদেশকে ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাছিম বলেন, ‘হাওয়া ভবন সৃষ্টি করে তারেক রহমান সন্ত্রাসীদের গডফাদার ও শীর্ষ দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছেন। দেশের টাকা পাচার করে এখন লন্ডনে বসে আরামে বিলাসবহুল জীপনযাপন করছেন। বিএনপি শুধু চোর নয়, শীর্ষ চোর। দুর্নীতিবাজ নয়, কুখ্যাত দুর্নীতিবাজ।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যারা মানুষকে পুড়িয়ে মেরে স্বার্থ হাসিল করতে চায়, তার কখনই জনগণের সেবক হতে পারে না। বিএনপি-জামায়াত নির্বাচনে বিশ্বাস করে না। এটার একটাই কারণ, সেটা হলো জনগণের প্রতি তাদের কোনও আস্থা নেই। জনগণ বিএনপিকে বিশ্বাস করে না।’
এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর আদালতের সরকারি কৌঁসুলি সিদ্দিকুর রহমান সিং, মাদারীপুর পৌরসভার মেয়ার খালিদ হোসেন ইয়াদসহ অনেকেই উপস্থিত ছিলেন।