ধর্ষণ মামলার আসামি আ.লীগ নেতাকে দ্রুত গ্রেফতার দাবি

ধর্ষণের অভিযোগে মামলার পর টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের গ্রেফতার ও বিচার ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন ‘সচেতন নারী সমাজ’। শুক্রবার (৭ এপ্রিল) দুপুরের দিকে সচেতন নারী সমাজের ব্যানারে শহরের ভাসানী হল থেকে প্রতিবাদ মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নারী বক্তারা বলেন, অভিযুক্ত গোলাম কিবরিয়া বড়মনির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা প্রমাণিত হলে তাকে গ্রেফতার করে দ্রুত বিচার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টার দিকে টাঙ্গাইল সদর থানায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে এক কিশোরী। প্রভাবশালী ও এমপির বড় ভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা হওয়ার পর থেকে শহরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।