ইফতার করার সময় মারা গেলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির

নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে এসে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী মারা গেছেন। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ইফতার করার সময় শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে তিনি স্ট্রোক করে মারা যান।

সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগর প্রচার সম্পাদক জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী স্ট্রোক করে মারা গেছেন। আজকে মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। ইফতারের সময় ইফতার মুখে নিয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে শহরের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওনার পরিবার সদস্যদের জানানো হয়েছে।

শহরের ইসলাম হার্ট সেন্টারের সিনিয়র মেডিক্যাল কর্মকর্তা ডা. শাহরিয়ার শাওন বলেন, তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। এরপরও পরীক্ষা করে দেখেছি। 

বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর নেতৃবৃন্দ জানান, খেলাফত মজলিসের উদ্যোগে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে রমজান ও সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি দুপুরের পরই নারায়ণগঞ্জে আসেন। সে সঙ্গে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পরে ইফতাররত অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।