অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, লাখ টাকা জরিমানা

গাজীপুরের পূবাইল থানার মাজুখান এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি করায় রোজ টেক ফুড অ্যান্ড বেভারেজকে এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১-এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ এপ্রিল) দুপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

র‌্যাব-১-এর সিনিয়র সহাকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ রানা বলেন, ‘দুপুরে মাজুখান এলাকায় রোজ টেক ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই ও বিস্কুট তৈরি, বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বাজারজাত করায় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।’