‘বেশি ভাড়া নিলে পুলিশের কাছে অভিযোগ দিন’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‌‘এখন পর্যন্ত ঈদে ঘরে ফেরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়ার বিষয়টি আমাদের চোখে পড়েনি। বেশি ভাড়া নেওয়ার বিষয়ে যদি কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে পুলিশের কাছে অভিযোগ দিন, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।’

মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সরাসরি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে এসে আশুলিয়ার বাইপাইলে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘আমি বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। বেশি ভাড়া নেওয়ার বিষয়টি চোখে পড়েনি। যদি কারও অভিযোগ থাকে তাহলে আমাদের জানাবেন। যাত্রীদের যাত্রা স্বাভাবিক করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবো।’

কর্মমুখী মানুষ গ্রামে গেলে ফাঁকা হবে শিল্পাঞ্চল, ওই সময় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘সব ধরনের প্রতিষ্ঠানে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে। পাশাপাশি শিল্প পুলিশ, জেলা পুলিশের ইউনিটগুলো সতর্ক থাকবে। আমরা সবাই মিলে দায়িত্বপালন করবো। কোনও ধরনের সমস্যা দেখা দিলে আপনারা ৯৯৯ নম্বরে কল করবেন। আমরা সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবো এবং ব্যবস্থা নেবো।’

তিনি বলেন, ‘বুধবার আমি সদরঘাট টার্মিনাল গিয়েছি, বাস টার্মিনাল ভিজিট করেছি, রেলস্টেশন ভিজিট করেছি। আজ গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ভিজিট করে এখানে এসেছি। এখন পর্যন্ত আমরা যা দেখেছি, সড়কে যানজট নেই। স্বাভাবিকভাবে গাড়ি যাতায়াত করছে। মানুষ স্বস্তিতে ঘরে ফিরছে।’

পুলিশের মহাপরিদর্শক আরও বলেন, ‘চন্দ্রাতে আজ থেকে ১০-১২ বছর আগে কী অবস্থা ছিল। এখন অনেক সড়ক ও বাইপাস হয়েছে, ওভারপাস হয়েছে। যার ফলে যাতায়াত অনেক সহজ হয়েছে। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু তৈরি করেছেন। যার কারণে সেতু দিয়ে নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে দক্ষিণাঞ্চলের মানুষ।’

সারাদেশের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে নিয়োজিত রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছি। সবার সহযোগিতা পাচ্ছি। যার কারণে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবার ঈদযাত্রা সহজ হবে এবং স্বাচ্ছন্দ্যে সবাই বাড়ি যেতে পারবে। সবাই গন্তব্যে পৌঁছার পর সেখানে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্যও আমাদের যথাযথ ব্যবস্থা থাকবে।’ 

পর্যটনকেন্দ্রগুলোতে ভিড়ের দিকে খেয়াল রেখে আমরা যথাযথ ব্যবস্থা নেবো জানিয়ে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় আমরা প্রস্তুতি নিয়েছি। মোটকথা আমরা সবাই মিলে ঈদে যেসব চ্যালেঞ্জ আসতে পারে, সেই চ্যালেঞ্জ মাথায় রেখে ব্যবস্থা নিয়ে রেখেছি। কাজেই কোনও সমস্যা হবে না।’

যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘যাত্রীদের অনুরোধ করছি, গাড়িতে উঠে আপনারা কারও কাছ থেকে আহার গ্রহণ করবেন না। অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ বিভিন্ন গ্রুপকে ধরেছি। একটা উৎসব পালনের জন্য যাচ্ছেন, যদি সতর্ক থাকেন তাহলে উৎসবটা আনন্দের হবে। না হয় ভুলের জন্য উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে।’

এ সময় তার সঙ্গে ছিলেন ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।