বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে থেমে থেমে চলছে গাড়ি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) ভোর থেকে উত্তরবঙ্গমুখী লেনে আনালিয়াবাড়ি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। থেমে থেমে চলছে গাড়ি। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।

এদিকে, বঙ্গবন্ধু সেতুর ওপর এবং সেতুর ভায়াডাক্ট অংশে পরপর কয়েকটা পরিবহন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। পরে সেগুলো অপসারণ করে সেতু কর্তৃপক্ষ। এছাড়া রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা দুইবার কিছু সময়ের জন্য বন্ধ ছিল বলে জানা গেছে।

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, বঙ্গবন্ধু সেতুর দিকে পর পর কয়েকটা গাড়ি নষ্ট হওয়ায় গাড়ির চাপ পড়েছে মহাসড়কে। এতে সেতু পূর্ব গোল চত্বর থেকে মহাসড়কের আনালিয়াবাড়ি পর্যন্ত গাড়ির ধীরগতি রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক স্বাভাবিক হচ্ছে।