নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মামুন মন্ডল

দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য ও গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ-আল মামুন মন্ডল।

সোমবার (০৮ মে) দুপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছে তার প্রত্যাহারপত্র জমা দেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামুন মন্ডল। এ সময় বলেন, ‌‘আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। পরে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে সিটি নির্বাচনে দল ঘোষিত সমন্বয় কমিটির সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।’

তিনি বলেন, ‘দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সমন্বয় কমিটির প্রধান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নির্দেশে এবং গাজীপুরের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের পরামর্শে প্রার্থিতা প্রত্যাহার করেছি। তবে প্রার্থিতা প্রত্যাহারে দল থেকে কোনও চাপ দেওয়া হয়নি। দলের প্রতি বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রেখে এই সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গলবার থেকে আমি ও আমার কর্মী-সমর্থকদের নিয়ে দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থনে নির্বাচনি মাঠে গণসংযোগসহ প্রচারণায় অংশ নেবো।’

সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘দুপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ-আল মামুন মন্ডল মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মামুন মন্ডলের মনোনয়নপত্র প্রত্যাহারের পর মেয়র পদে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।’