বোনের বাসা পরিবর্তনে সহযোগিতা করতে এসে ভাই নিহত

বোনের বাসা পরিবর্তনে সহযোগিতা করতে এসে ডাম্প ট্রাকের চাপায় নয়ন মিয়া (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর সুনামগঞ্জ জেলা সদর উপজেলার বৈশারপার গ্রামের কামাল খানের ছেলে।

মাওনা হাইওয়ে থানার এসআই আনিছুর রহমান জানান, নয়ন মিয়ার বড় বোন শ্রীপুরের এমসি বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার দিবাগত রাতে সে সুনামগঞ্জ থেকে বোনের বাসা পরিবর্তনে সহযোগিতা করার জন্য শ্রীপুরে আসে। সকালে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকলে দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় সে মহাসড়কে পড়ে গেলে পেছন থেকে আসা ডাম্প ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ট্রাকটি আটক করতে পারলেও চালক পলিয়ে যান। কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।