বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার ধলাদিয়া সাঁটিয়াবাড়ী ডার্ড কম্পোজিট কারখানার শ্রমিকরা। শনিবার (১৩ মে) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ তিন মাস ধরে শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রেখেছে। এর মধ্যে গত ঈদ বোনাস, মাতৃত্বকালীন ভাতা, ওভারটাইম, উৎপাদন বোনাস ও দুই বছরের ইনসেনটিভ দেয়নি। এসব চাইলে শ্রমিক ছাঁটাই করে। এ জন্য পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।
বেতন-ভাতা চাইলে কারখানা কর্তৃপক্ষ দিচ্ছি-দেবো বলে তিন মাস পার করছে উল্লেখ করে কারখানার সুইং অপারেটর চম্পা আক্তার বলেন, ‘তিন মাস ধরে বেতন-ভাতা না পাওয়ায় দোকানের বাকি ও ঘর ভাড়া পরিশোধ করতে পারছি না। দোকান মালিক পাওনা টাকার জন্য তাগাদা দিচ্ছেন। বাকি দেওয়া বন্ধ করে দিয়েছেন। আমরা মানবেতর জীবনযাপন করছি। বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছি।’
আরেক সুইং অপারেট হালিমা আক্তার বলেন, ‘তিন মাস বেতন না পাওয়ায় ছেলেমেয়ের স্কুলের বেতন দিতে পারছি না। বেতন চাইলে কারখানা কর্তৃপক্ষ বিনা নোটিশে চাকরিচ্যুত করার হুমকি দেয়। অনেককে চাকরিচ্যুত করেছে।’
এসব বিষয়ে জানতে ডার্ড কম্পোজিট কারখানার ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) আকাশ মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, ‘শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে কারখানার সীমানাপ্রাচীরের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।’
শিল্প পুলিশের শ্রীপুর জোনের ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘রবিবার কারখানার মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বিকাল ৪টার অবরোধ তুলে নেন শ্রমিকরা। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।’
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-মামুন বলেন, ‘রবিবার বেলা ১১টায় শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করবেন বলেছেন মালিকপক্ষ। এমন আশ্বাস পেয়ে বিকাল ৪টার দিকে কাজে ফিরেছেন শ্রমিকরা।’