ধর্ষণ মামলায় আ.লীগ নেতা বড় মনির কারাগারে

এক নারীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহ-সভাপতি গোলাম কিব‌রিয়া বড় ম‌নি‌রকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১৫ মে ) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে জেলার অ‌তি‌রিক্ত চিফ জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন তাকে কারাগা‌রে পাঠা‌নোর আ‌দেশ দেন। গোলাম কিব‌রিয়া বড় ম‌নির টাঙ্গাইল-২ আস‌নের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি‌রের বড় ভাই এবং জেলা বাস-কোচ মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির মহাস‌চিব। ত‌বে ধর্ষণ মামলার আ‌রেক আসামি বড় ম‌নি‌রের স্ত্রী নিগার আফতাব আদাল‌তে আত্মসমর্পণ ক‌রেন‌নি ব‌লে জানিয়েছে পুলিশ।

টাঙ্গাইল আদালতের সরকা‌রি কৌঁসুলি (‌পি‌পি) এস আকবর খান বলেন, ‘এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বড় ম‌নির নিম্ন আদাল‌তে আত্মসমর্পণ ক‌রে জা‌মিন আ‌বেদন ক‌রেন। প‌রে জেলার অ‌তি‌রিক্ত চিফ জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল মহসীন তাকে কারাগা‌রে পাঠা‌নোর আ‌দেশ দেন। এর আ‌গে বড় ম‌নির ও তার স্ত্রী উচ্চ আদালত থে‌কে জা‌মিন পে‌লেও চেম্বার আদালত তা স্থগিত ক‌রে নিম্ন আদাল‌তে আত্মসমর্পণের নি‌র্দেশ দেন।’

গত ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন স্থানীয় এক নারী। ধর্ষণের ঘটনায় ওই নারী নিজেকে অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করেছেন। মামলায় বড় মনিরের স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়। 

এদিকে, ওই নারী যে অন্তঃসত্ত্বা, তার প্রমাণ পেয়েছে এ ঘটনায় গঠিত মেডিক্যাল বোর্ড। সেইসঙ্গে ৬ এপ্রিল একই আদালতে জবানবন্দি দিয়েছেন এই ভুক্তভোগী।