টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) সকালে উপজেলার কাশিল ইউনিয়নের জোড়বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন মধ্যপাড়া গ্রামের আবুল মিয়ার ছেলে হাবিল মিয়া (১৭) ও একই উপজেলার হুগড়া ইউনিয়নের ময়শানন্দনাল গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে রিতা আক্তার (১৫)। 

নিহত হাবিলের বড় ভাই আমির হামজা বলেন, ‘তারা টেক্সটাইল মিলে একসঙ্গে কাজ করতো। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। পরিবার থেকে সম্পর্কটি মেনে নেয়নি। মঙ্গলবার সন্ধ্যায় তারা কর্মস্থল থেকে বেরিয়ে নিখোঁজ হয়। সকালে আমরা মৃত্যুর খবর পাই।’

জোড়বাড়ী লেভেল ক্রসিংয়ের গেটকিপার সুলতান মাহমুদ বলেন, ‘ভোর ৪টার দিকে নিলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ এসে লাশ নিয়ে গেছে।’ 

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এএসআই ফজলুল হক বলেন, ‘ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।’