মাদারীপুর জেলা জামায়াতের আমির গ্রেফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা কমিটির আমির আবদুস সোবাহান খানকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) রাত ৮টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজার বড় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আবদুস সোবাহান খানের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে। তবে তিনি পরিবার নিয়ে মাদারীপুর পৌরসভার পুরান বাজার এলাকায় থাকতেন। তিনি সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনাফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যক্ষ হিসেবে কর্মরত।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘জামায়েত আমিরকে থানায় আনা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা এখনই কিছু বলা যাবে না। বিস্তারিত পরে জানানো হবে।’

তবে পুলিশের একটি সূত্র বলছে, জামায়েত ইসলামীর আমীরের বিরুদ্ধে সদর থানায় নতুন করে কোনও মামলা রেকর্ড করা হয়নি। তবে আবদুস সোবাহানের বিরুদ্ধে আগে হওয়া কোনও মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।