প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে ফরিদপুরে মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বেলা ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি করা হয়।
মামলাটি করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
ফরিদপুর কোর্টের পরিদর্শক আবুল খায়ের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে শামীম হক উল্লেখ করেন, বিএনপি নেতা চাঁদ প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির ফলে তার জীবনহানির আশঙ্কা রয়েছে। এছাড়া আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছেন। তাছাড়া বিভিন্ন মাধ্যমে বিএনপি নেতার বক্তব্য প্রচার হওয়ায় মানহানি হয়েছে। মানহানির ঘটনায় ২০ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছার মামলাটি আমলে নিয়ে তা এফআইআর এর জন্য কোতয়ালী থানাকে নির্দেশ দেন। মামলাটি দায়েরের সময় জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মামলার বাদী শামীম হক বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির পর সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষুব্ধ মানুষ হুমকিদাতার বিচার চাচ্ছে। প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা ও কবরস্থানে পাঠানোর হুমকি জাতিসহ বিশ্ব বিবেক মানে না। প্রধানমন্ত্রীকে হত্যা করতে বিএনপির যে এটা নীলনকশা ছিলো তা ফাঁস হয়ে গেছে। জাতি জেনে গেছে।’
তিনি আরও বলেন, ‘এজন্য আমরা আইনের দারস্থ হয়ে বিচার চেয়েছি। আশা করছি আদালতে সুষ্ঠু বিচার পাবো।