‘হত্যা করে পালিয়েছে’ বাবা, মায়ের লাশের পাশে কাঁদছিল ছোট্ট সন্তান

গাজীপুরে কোনাবাড়িতে একটি বাড়ির কক্ষে শিশুর কান্নার উৎস খুঁজতে গিয়ে দরজা বদ্ধ ঘর থেকে গৃহবধূ মরিয়ম খাতুনের (৩৩) গলায় লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) কোনাবাড়ি থানার দক্ষিণ হরিনারচালার ইকবাল হোসেনের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নারী দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মৃত সফিজ উদ্দিনের মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী জয়নাল পলাতক রয়েছেন।

কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, আজমেরী পরিবহন সার্ভিসের সুপারভাইজার জয়নাল স্ত্রী ও চার বছর বয়সী মেয়েকে ওই বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে পাশের রুমের ভাড়াটিয়ারা নিহতের সন্তানের কান্নার শব্দ শুনতে পান। তারা বাইরে থেকে ঘরের দরজায় ছিটকিনি লাগানো দেখতে পান। খুলে ভেতরে ঢুকে ঘরের মেঝেতে গলায় গামছা পেঁচানো অবস্থায় মরিয়মের লাশ পড়ে থাকতে দেখেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। তার স্বামীকে পাওয়া যায়নি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রাতের কোনও একসময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী বাইর থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।