মুন্সীগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের মারধরে নিহাদ ঢালী (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৩১ মে) সন্ধ্যায় সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কিশোর মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামের সৌদি প্রবাসী দ্বীন ইসলামের ছেলে। আনন্দপুর বেসরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনদের অভিযোগ, আজ সন্ধ্যায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় দুই চাচাতো ভাই নিহাদ ও নিজন ঢালী। এ সময় তাকে বেধড়ক কিলঘুষি মারে। এতে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আশিক চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে শরীরে গুরুতর আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের খালু ফরহাদ হাসান দাবি করেন, দীর্ঘদিন ধরে আমার ভায়রা দ্বীন ইসলামের সাথে তার ভাই নাজির ঢালীর সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। আজ পরিকল্পিতভাবে খেলার কথা বলে নিহাদকে নিয়ে পিটিয়ে হত্যা করে। আমরা এর বিচার চাই। পুলিশ তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা যেন নেয়।
মুন্সীগঞ্জ সদর থানার এসআই মফিজুর রহমান জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারিতে কিশোরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।