বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা, গাড়ি বিকল ও দফায় দফায় টোল আদায় বন্ধের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আট কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) ভোর থেকে সেতুর পূর্বপাড় থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত যানজট লেগেছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতুতে দুই বার সংঘর্ষ ও এক বার গাড়ি বিকল হয়। এতে রাত ৩টার পর ১০ থেকে ১২ মিনিট, ৪টার পর প্রায় এক ঘণ্টা ও সাড়ে ৫টা থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে যানজট শুরু হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, ঈদযাত্রায় সড়কে গাড়ি বেড়েছে কয়েকগুণ। আমরা সড়কে দায়িত্ব পালন করছি। বর্তমানে গাড়ি থেমে নেই। তবে ধীরগতি রয়েছে। আশা করছি খুব দ্রুত সড়ক স্বাভাবিক হবে।