বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড

বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। এসময় সেতুর উপর দিয়ে পরিবহন পারাপার হয়েছে ৫৫ হাজার ৪৮৮টি। যা বঙ্গবন্ধু সেতু টোল আদায় বিগত রেকর্ডকে ভঙ্গ করে নতুন রেকর্ড গড়েছে। বুধবার (২৮ জুন) সকালে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

এর আগে গত বছরের ৭ জুলাই সব্বোর্চ ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছিল। এসময় পরিবহন সেতু পারাপার হয়েছিল ৪৩ হাজার ৫৯৫টি।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে পরিবহন পারাপার হয়েছে ৫৫ হাজার ৪৮৮টি। এর মধ্যে শুধু মোটরসাইকেল পারাপার হয়েছে ১৪ হাজার ১২৩টি। এই সময়ে সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সেতু পাড় হয়েছে ৩৬ হাজার ৪৯১টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯ হাজার ৭৫০ টাকা। এছাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহন সেতু পাড় হয়েছে ১৮ হাজার ৯৯৭টি। এতে টোল আদায়ের পরিমাণ এক কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, ঈদের সময় স্বাভাবিকের তুলনায় কয়েকগুন বেশি যানবাহন পারাপার হয়। এ পর্যন্ত নতুন রেকর্ড সৃষ্টি করেছে বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় ছোট-বড় সব মিলিয়ে ৫৫ হাজার ৪৮৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা।