কিশোরগঞ্জের ভৈরবে চিকিৎসকের অবহেলায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করেছেন।
শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ভৈরব থানার ওসি মোহাম্মদ মাকসুদুল আলম জানান, ঘটনার পর থেকে ওই হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, ভৈরব শহরের কমলপুর নিউটাউন এলাকায় বেসরকারি গ্রামীণ জেনারেল হাসপাতালে জরায়ু অপারেশনের জন্য ভর্তি হন স্থানীয় জগন্নাথপুর আউয়ালকান্দা গ্রামের আক্তার মিয়ার স্ত্রী সেলিনা বেগম (৪৫)। শুক্রবার (৮ জুলাই) রাত ৩টার দিকে ওই হাসপাতালে তার অপারেশন করা হয়। এ সময় রোগীর প্রচণ্ড রক্তক্ষরণ হলে এর কিছুক্ষণ পরই মারা যান।
এ ঘটনায় ডাক্তারদের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা এনে রোগীর স্বজনরা হাসপাতালে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।