গতকালের সেই স্থানে আরেক যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ সদরের চর-মুক্তারপুর এলাকায় মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে ফজল হক দেওয়ান (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। নিহত ফজল হক চর-মুক্তারপুর এলাকার নুরু দেওয়ানের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মোশারফ হোসেন একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

এর আগে রবিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে চর-মুক্তারপুরের ওই এলাকায় সিগারেট না দেওয়ায় আব্দুল্লাহ রাঢ়ি নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাজ্জাদ হোসেন নামে আরেক কিশোরকে আটক করেছে পুলিশ। পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চর-মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে ফজল হক ও মোশারফ হোসেনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোশারফ ধারালো অস্ত্র দিয়ে ফজলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফজলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

পঞ্চসার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল রহিম বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা নিয়ে তাদের বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে ফজল দেওয়ানের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোশারফ ধারালো অস্ত্র দিয়ে ফজলকে কুপিয়ে জখম করে। বিকালে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সন্ধ্যা ৭টার দিকে মোশারফ হোসেনের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, স্থানীয়দের মাধ্যমে জেনেছি মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে ওই যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।