ডাকাতির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইস্রাফিল (৪০) টানা ১২ বছর ছদ্মবেশে ঘুরে বেড়ালেও অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। র্যাব-৪ মানিকগঞ্জের একটি দল ফেরারি ওই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে সোমবার (২৪ জুলাই) বিকালে ঢাকার আশুলিয়ার কবিরপুর থেকে গ্রেফতার করেছেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার ইস্রাফিল ঝালকাঠি জেলার রাজাপুর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি। র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট মো. আরিফ হোসেন জানান, সে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ছিল। আসামি ২০০৮ সালে ঝালকাঠি জেলার রাজাপুর থানার নিজ গালুয়া গ্রামের হাজী মনসুর আলীর বাড়িতে ডাকাতি করতে গেলে জনতার হাতে ধরা পড়ে। পরে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মনসুর আলী বাদী হয়ে রাজাপুর থানায় মামলা করেন।
তিনি জানান, এ মামলায় দুই বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যায়। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা প্রধান আসামি ইস্রাফিলসহ তার সহযোগীদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। ২০২২ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ তার যাবজ্জীবন দণ্ড দেন।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, পলাতক ইস্রাফিল মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে দীর্ঘ ১২ বছর পলাতক ছিল। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আত্মগোপনে থাকাকালে আসামির জীবনযাপন
যাবজ্জীবন সাজা হওয়ার পর গ্রেফতার এড়াতে এলাকা থেকে পালিয়ে ঢাকায় চলে যান। নানা ছদ্মবেশে দীর্ঘদিন ধরে ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় বসবাস করেন। নিজেকে আত্মগোপন রেখে বিভিন্ন গার্মেন্টসে চাকরি করে জীবনযাপন করেছেন।