টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমগীর মিয়া (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আলমগীর জেলার দেলদুয়ার উপজেলার হিঙ্গানগর গ্রামের আলাউদ্দিনের ছেলে। এর আগে বুধবার (২৬ জুলাই) বিকাল ৩টার দিকে তিনি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত হন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারি মাস থেকে বৃহস্পতিবার পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০২ জন। সুস্থ হয়েছেন ২৩৮ জন। বিভিন্ন হাসপাতাল চিকিৎসাধীন আছেন ৬৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় নয় জন, নাগরপুরে পাঁচ জন, মির্জাপুরে দুইজন, সখীপুরে দুই জন, মধুপুরে একজন, গোপালপুর উপজেলায় দুই জন রয়েছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদেকুর রহমান জানান, আলমগীর বুধবার বিকাল ৩টার দিকে হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।