গোপালগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রলীগের কমিটি দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয়। 

রবিবার (৩০ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই কোটালীপাড়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে স্বপন তালুকদারকে সভাপতি ও শামিম দাঁড়িয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা। এর পর থেকে কমিটি বাতিলের দাবিতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। এর ধারাবাহিকতায় আজ দলীয় কর্মসূচির প্রস্তুতি চলাকালে নব্য কমিটির সমর্থক ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একে অপরের উপর ইট পাটকেল নিক্ষেপ করে ও কার্যালয় ভাঙচুর করে। পরে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে জানতে চাইলে সদ্য দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক শামিম দাঁড়িয়া বলেন, কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত একটি পক্ষ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। গতকাল রাতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এরই ধারাবাহিকতায় আজ দলীয় কর্মসূচি প্রস্তুতি চলাকালে তারা নেতাকর্মীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় আওয়ামী লীগ অফিসেও ভাঙচুর করে তারা। 

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে কয়েকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।