বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘যদি মনে করে ওয়ান ইলেভেনের সরকারের মতো আরেকটা সরকার কায়েম করার পথে হেঁটে থাকেন, তাহলে ভুল করছেন। আপনাদের একটাই পথ আছে নির্বাচনে আসেন। আর নির্বাচনের সময়ে মনোনয়ন বাণিজ্য করে দেশ থেকে কিছু টাকা পাচার করতে পারবেন। এর বেশি কিছু করার সুযোগ আর আপনাদের নেই।’
তিনি বলেন, ‘এক সিট থেকে পাঁচ জনকে মনোনয়ন দেন, আর টাকা নেন। তাহলে ভোটে এসে হারবেন না তো জিতবেন কীভাবে? মনোনয়ন বাণিজ্য করবেন আর নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করবেন, এটা তো হয় না।’
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের খানপুরে আয়োজিত জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপিকে সংসদ নির্বাচনের অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে নাছিম বলেন, ‘সময় আছে নির্বাচনে অংশগ্রহণ করুন, জনগণের পক্ষে দাঁড়ান। দেখুন পরীক্ষা করে জনগণ আগানাদেরকে বিশ্বাস করে কী না। বিশ্বাস করে না বিধায় ভয় পেয়ে নির্বাচন থেকে দূরে পালিয়ে বেড়ান। আর ছুতো (অজুহাত) খোঁজেন। এটা কেউ আপনাদের সমর্থন করবে না।’
তিনি বলেন, ‘আমাদের মাতৃভূমিতে কোনও স্বৈরাচারের দোসরদের অপকর্ম আমরা সহ্য করবো না। আমাদের দেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। আমরা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য এ দেশের মানুষের কাছে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি। আমরা চাই ভোটাররা শান্তিতে, স্বস্তিতে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাবে। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। এটা আমাদের ঘোষণা। সেই ঘোষণা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
বিএনপি-জামায়াতের অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত, খুনি জিয়া, মোশতাক গংরা বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা মানুষ হত্যা করেছে, লুটপাট করে, নারী ধর্ষণ করেছে। তারা মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। তারা খুনের রাজনীতি কায়েম করতে চায়। তারা যে নির্যাতন করেছিল বিএনপি-জামায়াত মনে করেছে আমরা তা ভুলে গেছি। তারা মনে করেছে, বাংলাদেশের মানুষ তা ভুলে গেছে। অথচ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন।’
অশুভ শক্তিকে মোকাবিলা করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যারা আন্দোলনের নামে হুমকি দেয়, জ্বালাও পোড়াও করে তাদেরকে আমরা কোনও ধরনের ছাড় দেবো না। আমরা সন্ত্রাস করবো না, সন্ত্রাসকে আমরা মোকাবিলা করবো। শান্তিপূর্ণ উপায়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা যদি মাঠে ও রাস্তায় থাকি- তাহলে এই অশুভ শক্তি এই সাম্প্রদায়িক শক্তির সন্ত্রাসীদের কিছু করার ক্ষমতা কী আছে এই দেশে।’
সম্মেলনের উদ্বোধক হিসেবে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা হিসেবে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদলসহ অন্যরা উপস্থিত ছিলেন।