‘অবৈধ কাজ করায় এই শিক্ষককে মেরে ফেলেছি, আমরা ইসলামের সৈনিক’

সাভারে নিজ বাসার কক্ষে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় এক শিক্ষকের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ আগস্ট) বিকাল ৩টার দিকে পৌর এলাকার ভাটপাড়া মহল্লার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

চিরকুটে লেখা আছে, ‘পুলিশ ভাই, এই ব্যক্তি সমকামী। এই অবৈধ কাজ করায় তাকে মেরে ফেলেছি; আমরা ইসলামের সৈনিক।’ নিহত ব্যক্তি সাভার রেডিও কলোনির একটি স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি রেডিও কলোনি এলাকার একটি স্কুলে শিক্ষকতা করতেন। কয়েক মাস ধরে ভাটপাড়া মহল্লার নিজ বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। একাই বাসায় থাকতেন। রবিবার দুপুরে প্রতিবেশীরা তার কক্ষের দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে হাত-পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন। খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ভাটপাড়া মহল্লার এক বাসিন্দা এবং শিক্ষকের প্রতিবেশী বলেন, ‘বেশ কয়েক বছর রেডিও কলোনি এলাকার একটি স্কুলে শিক্ষকতা করেছেন ওই ব্যক্তি। পরে স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করেছেন। সেখান থেকেও চাকরি চলে যায়। গত দুই বছর ধরে নিজ বাসায় শিক্ষার্থীদের প্রাইভেট পড়াচ্ছেন। পাশাপাশি জমি কেনাবেচার ব্যবসা করতেন। কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে আমার কিছুই জানা নেই। বিকালে বাসায় হাত-পা বাঁধা লাশ দেখে পুলিশকে জানানো হয়।’

রেডিও কলোনি এলাকার ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘সমকামিতাসহ একাধিক অভিযোগ উঠায় কয়েক বছর আগে ওই শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল।’

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে। লাশের পাশে পাওয়া চিরকুটের লেখার বিষয়টি নিয়ে তদন্ত করছি। এই ইসলামের সৈনিক কারা, তাদের আটক করা গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’