চালক ও হেলপারকে অচেতন করে তেলসহ ট্রাক ছিনতাই

মুন্সীগঞ্জঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে চালক ও হেলপারকে অচেতন করে ৬০ ব্যারেল ভোজ্যতেলবাহী একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে জেলার মদনপুর এলাকায় এ ঘটনা ঘটে। গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ছিনতাইকারীদের হাতে অচেতন চালক আব্দুল খালেক (৩৮) ও হেলপার আজহারউদ্দিন (৩২) কে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসআই জানান, ভোজ্যতেল ভর্তি ট্রাকটি (নং ঢাকা মেট্রো ট ১৪-৪৭৬০) চট্টগ্রাম থেকে নওগাঁ যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়। এ সময় চালক ও হেলপারকে অস্ত্রেরমুখে ভয় দেখিয়ে মাইক্রোতে তুলে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে মহাসড়কের গজারিয়া থানাধীন আনারপুরা এলাকায় ফেলে রেখে যায়।
শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে চালক ও হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

/এইচকে/