প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: কিশোরগঞ্জের মামলায় ‘শোন অ্যারেস্ট’ বিএনপি নেতা চাঁদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে কিশোরগঞ্জে করা এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুল আমিন তাকে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আদেশ দেন। পরে বিএনপির এই নেতাকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়। এর আগে রবিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চাঁদের বিরুদ্ধে এ মামলা করেছেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। 

বাদী পক্ষের আইনজীবী কিশোরগঞ্জ আদালতের সহকারী কৌঁসুলি (এপিপি) আতিকুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় আবু সাঈদ চাঁদকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’

তবে আবু সাঈদ চাঁদকে আইনি কোনও সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন আসামিপক্ষের আইনজীবী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জালাল উদ্দিন। তিনি বলেন, ‘দেশের প্রচলিত আইনে একই ঘটনায় একজন ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলার কোনও নিয়ম নেই। অথচ তার বিরুদ্ধে ২৬টি মামলা করা হয়েছে একই ঘটনায়; যা অবৈধ। মঙ্গলবার তার জামিনের আবেদন করবো।’

আদালত সূত্রে জানা গেছে, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলায় দলীয় সমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আবু সাঈদ চাঁদসহ অজ্ঞাতনামা চার-পাঁচ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম বাদী হয়ে গত ২৪ মে মামলাটি করেন। পরে কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউনুস খান মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন।

এই মামলায় সাক্ষী হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক এম এ আফজাল, জেলা বারের সভাপতি শহিদুল আলম, জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি সৈয়দ শাহজাহান, সাধারণ সম্পাদক আমিনুল হক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন।