‘আর রাতের আঁধারে নির্বাচন করতে দেওয়া হবে না’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে রাতের আঁধারে নির্বাচন হতে দেওয়া হবে না। এ সরকার হাজার হাজার মানুষকে গুম করেছে হত্যা করেছে। রাতের আঁধারে নির্বাচিত সরকার এ দেশের মানুষের অধিকার হরণ, মানুষের মৌলিক অধিকার নষ্ট করেছে ও সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। যার কারণে আজ এ সরকারকে আমেরিকার স্যাংশনে পড়তে হয়েছে। আমরা এ দেশের মানুষের অধিকার যতদিন ফিরিয়ে দিতে না পারি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হয় ততদিন রাজপথে থাকবো।’

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে একদফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় রোড মার্চে গোয়ালন্দ মোড়ে এক পথসভায় তিনি এ কথা বলেন। 

আমির খসরু বলেন, ‘অবৈধ সরকারের পদত্যাগ, খালেদা জিয়ার মুক্তি ও একদফা দাবি আদায়ের লক্ষে আমরা মাঠে আছি, থাকবো।’

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।