গাজীপুরের শ্রীপুরে পার্কিং করা পোশাকশ্রমিক বহনকারী বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার রঙ্গিলা বাজার (ক্যাপ্টেন সিএনজি) সড়কের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
বাসচালক রিয়াদ হোসেন জানান, বাসের চাকা পাংচার হয়ে গেলে মেরামতের জন্য সন্ধ্যা ৬টায় রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসটি পার্কিং করেন। পরে চাকা খুলে পাশের দোকানে পাংচার সারানোর জন্য নিয়ে যান। এর ফাঁকে দুর্বৃত্তরা বাসের পেছনে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের দোকানমালিক সজীব চালককে তার বাসে আগুন লাগার খবর দিলে তিনি গিয়ে বাসে আগুন জ্বলতে দেখেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, মেরামতের জন্য মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।