বোরকা পরে মুন্সীগঞ্জ শহরের বাজারের পাশের প্রধান সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার প্রতিবাদে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার রাত ১০টার দিকে পরপর চারটি ককটেল বিস্ফোরণে পুরো এলাকা প্রকম্পিত হয়। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কাউকে আটক করা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোরকা পরে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় তিন জন ব্যক্তি। বিস্ফোরণের সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। তবে সড়কে কিছু যানবাহন চলাচল করছিল। বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক রিপন মিয়া বলেন, বোরকা পরিহিত তিন জন এসে হঠাৎ ককটেল ছুড়ে মারে। বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে ওই তিন জন চলে যায়। তারা কারা চিনতে পারিনি।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তাদের আটক করা সম্ভব হয়নি। সবাই বোরকা পরিহিত ছিল। তাদের শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে গত রবিবার রাতে প্রায় একই সময়ে ওই স্থান থেকে পাঁচশ মিটার দূরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সে ঘটনায় মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।