মুন্সীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মাসহ আরও তিন জন। এর মধ্যে শিশুর মাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী মালয়েশিয়া প্রবাসী দাদন সরকার (৩২) ও তার ছেলে হোসাইন সরকার (৪)। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদর উপজেলার চর আব্দুল্লাহ এলাকায়। দাদন সরকার ১০ দিন আগে মালয়েশিয়া থেকে ছুটিতে দেশে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা সবাই আহত হন। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। তারা আধারা ইউনিয়নের চিতলিয়া বাজার থেকে মুন্সীগঞ্জ শহরে সিএনজিযোগে আসছিলেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক কামাল প্রধান জানান, নিহত বাবা-ছেলেকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। আহত তিনি জনের মধ্যে মুমূর্ষু অবস্থায় নিহত শিশুর মা কুলসুম বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মাসহ আরও তিন জন। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রলি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা চলছে।