নারায়ণগঞ্জে নাশকতা চেষ্টার অভিযোগে ১৬ জামায়াত কর্মী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামীর ১৬ জন কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের আটক করতে সহায়তা করেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার নাগিনা জোহা সড়কের চৌধুরী বাড়ি ও আদর্শ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তামিম ইসলাম জয় বলেন, ‘সকালে আদমজী-চাষাড়া সড়কের আইটি স্কুল মোড়ে মিছিল শেষে বাসে আগুন দেওয়ার সময় জামায়াতে ইসলামের একদল কর্মীকে ধাওয়া দিই। পরে আদর্শ বাজার এলাকা থেকে ১২ জন জামায়াত কর্মীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। অপরদিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আরও কয়েকজনকে আটক করেছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামায়াতে ইসলামীর ১৬ জন কর্মীকে আটক করা হয়েছে। তারা মূলত নাশকতার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’