গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় চার পোঁটলা গাঁজাসহ হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সোহেল রানাকে (২৮) গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর (বিলবাড়িয়া) গ্রামের হিকমত আলীর ছেলে।
পরে কারা কর্তৃপক্ষ কারা কমপ্লেক্সে কারারক্ষীদের ব্যারাকে তল্লাশি চালিয়ে আটক ওই কারারক্ষীর ট্রাংক থেকে আরও প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করছিলেন কারারক্ষী সোহেল রানা। এ সময় কারাফটকে ডিউটিরত অপর কারারক্ষীরা তল্লাশি করে তার কাছ থেকে চার পোঁটলা গাঁজাসহ তাকে আটক করে।
এরপর কারা কমপ্লেক্সে তার থাকার ব্যারাকে তল্লাশি চালায় কারা কর্তৃপক্ষ। সেখানে সোহেল রানার ব্যবহৃত ট্রাংক থেকে আরও প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওই দিন মধ্যরাতে কারা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কারা কর্তৃপক্ষ আটক কারারক্ষী (নং-১৪৩৩৫) সোহেল রানাকে ৯৪০ গ্রাম গাঁজাসহ পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গাঁজাসহ গ্রেফতারকৃত কারারক্ষী সোহেল রানার বিরুদ্ধে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর ওই কারাগারে প্রবেশের সময়ে ময়লাবাহী গাজীপুর সিটি করপোরেশনের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করে কারারক্ষীরা। এ ঘটনায় ওই গাড়ির চালক ও একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।