গাজীপুরে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, বাবা-ছেলে গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে শিশুকে (৭) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে মাটিচাপা দেওয়ার ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সহায়তা করায় ওই কিশোরের বাবাকেও গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে টঙ্গীর নিমতলীর বালুর মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। গ্রেফতার কিশোর (১৫) এবং তার বাবা (৪০) টঙ্গীর শিলমুন এলাকার বাসিন্দা। নিহত শিশুটি সম্পর্কে তাদের আত্মীয়। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, টঙ্গীর সিলমুন এলাকায় আত্মীয়ের বাড়ি বেড়াতে আসে শিশুটি। গত রবিবার সকালে চিপস কিনে দেওয়ার কথা বলে তাকে বাড়ির বাইরে নিয়ে যায় কিশোর। কিছুক্ষণ পর কিশোর বাসায় ফিরলেও শিশুটি আসেনি। 

ওই দিন দুপুরে মেয়ের সন্ধান চেয়ে তার বাবা টঙ্গী পূর্ব থানায় জিডি করেন। বুধবার ওই কিশোর ও তার বাবাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করলে শিশুকে ধর্ষণের পর হত্যা করে মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করে ওই কিশোর। তার দেওয়া তথ্য অনুযায়ী বালুর মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

পুলিশ জানায়, ধর্ষণের পর হত্যার বিষয়টি অভিযুক্ত কিশোর তার বাবাকে আগেই জানিয়েছিল। পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুটির খোঁজে এলাকায় মাইকিংয়ের নাটকও করেছে তারা।