মাদারীপুরের কালকিনিতে এসকান্দার খা (৬৫) নামে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় শনিবার সকালে (২৩ ডিসেম্বর)। নিহত এসকান্দার মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা সিদ্দিকীর কর্মী ও উপজেলার লক্ষিপুর ইউনিয়নের ভাটবালী গ্রামের আইয়ুব আলী খার ছেলে। সেই হত্যাকাণ্ডের মূল হোতা বিল্লাল খা’কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীর কর্মী এসকান্দার খা শনিবার ফজরের নামাজ শেষে বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে নৌকার প্রার্থীর কিছু সমর্থক এসে এসকান্দারকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে এসকান্দার মারা যায়। তার এ মৃত্যুর খবরে মাদারীপুর-৩ নির্বাচনি এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
বিল্লাল খা (৩৫) ওই এলাকার মোকলেস খার ছেলে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিরা হলো-ওরাজ খার ছেলে খলিল খা (৫০), বিল্লালের ভাই দিদার খা (৩৩), জিন্নাত খার ছেলে শাকিল খা (২৬), দ্বীন ইসলাম (২৩), ইউনুস খা ও তার ছেলে নাজমুল খা (২২), আনেস খা ও তার ছেলে মাসুদ খা (২৩), আকরাম খা, জোনাব আলী সরদারের ছেলে আয়নাল সরদার, মোজলেস খার ছেলে ফারুক খা ও রফিজদ্দিন মোল্লার ছেলে মহিউদ্দিন মোল্ল (৩২)। তারা এখনও পলাতক রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এসকান্দার খা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি বিল্লাল খা’কে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।