গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লালের বাড়িতে ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় মহানগরীর ৩৯নং ওয়ার্ডের সুকন্দিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা জয়দেবপুর-বনমালা সড়কে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছে।
গাজীপুর সিটির ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মাসুদুল হাসান বিল্লাল বলেন, জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল পুনঃরায় এমপি নির্বাচিত হন। নির্বাচনের পরদিন সোমবার (০৮ জানুয়ারি) বিকালে ওই এমপির এপিএস কাউসারের নেতৃত্বে চার-পাঁচশত লোকের একটি আনন্দ মিছিল বের হয়। এ সময় কাউসারের নেতৃত্বে মিছিল থেকে বেশ কিছু যুবক প্যানেল মেয়র বিল্লালের বাড়িতে বোমা নিক্ষেপ করে। এতে তার বাড়ির বারান্দায় রাখা জিনিসপত্রে আগুন ধরে যায়। হামলাকারীরা তার ছেলে মাহবুব হাসান রিভেলকে মারধর করে আহত এবং তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা বিল্লালের ছোট ভাই কামাল ও তার স্ত্রী পলি আক্তারের ওপর হামলা চালায়। বোমার বিকট শব্দে এক যুবক আহত হয়। পরে আশাপাশের শতশত লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।
তিনি অভিযোগ করেন, এ নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিনের নির্বাচন করেছেন তিনি। তাই তার ওপর ক্ষিপ্ত হয়ে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা তার বাড়িতে বোমা নিক্ষেপ ও হামলা করে। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দেবেন বলেও জানান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।