বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

সাভারআশুলিয়ায় একটি পিকনিকে বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রবিউল ইসলাম (৩০) নামের এক ব্যাক্তির পা দ্বি-খন্ডিত হয়ে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার ‍মৃত্যু ঘটে। শুক্রবার বেলা ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকার বন্নছটা পিকনিপ স্পটে এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার তৈয়বপুর এলাকার বন্নছটা পিকনিক স্পটে শুক্রবার সকালে ঢাকা থেকে ফুলতলা সমবায় সমিতির সদস্যরা বেড়াতে আসে। পরে বেলা ১১টার দিকে ওই সমিতির একটি অনুষ্ঠানে বেলুন ফুলানোর জন্য রবিউল ইসলামকে ডেকে আনা হয়। বেলুন ফুলোনোর এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে রবিউলের বাম পা দ্বি-খন্ডিত হয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সংকটাপন্ন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
/এইচকে/