জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সাড়ে তিন মাসের বেশি সময় কারাভোগের পর বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, ‘বুধবার সকালে মোয়াজ্জেম হোসেন আলালের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই করে বিকাল ৪টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।’
বিকালে কারাগার থেকে বেরিয়ে আসার পর আলালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তিনি।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গত ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। আলালের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, মারামারি ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। আদালত থেকে সবগুলো মামলায় জামিন পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে ১৫ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ১৯ ফেব্রুয়ারি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।