মির্জাপুরে ‘সাপের কামড়ে’ ২ নারীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে একদিনের ব্যবধানে দুই নারীর মৃত্যু হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর ও থলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ মে) বিকালে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার ও বুধবার দিবাগত রাতে পৃথকস্থানে এ ঘটনা ঘটে।

তারা হলেন- উপজেলার ফতেপুর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী আরিফা (২২) ও থলপাড়া গ্রামের ফারুক মিয়ার স্ত্রী রুলিয়া বেগম (৪০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, বুধবার রাতে রুলিয়া বেগম বসতঘরের সোফায় বসে খাবার খাচ্ছিলেন। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে বিষয়টি পরিবারের লোকজনদের জানালে তারা স্থানীয় এক ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করান। এ সময় রুলিয়া বেগম অচেতন হয়ে পড়েন। একপর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

এদিকে, মঙ্গলবার বিকালে আরিফা বাড়ির পাশে বসে তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিলেন। এ সময় একটি বিষধর সাপ এসে তার পায়ে কামড় দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রউফ বলেন, ‘সাপের কামড়ে এক গৃহবধূ হাসপাতালে নেওয়ার পথে এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। দুই জনের দাফন সম্পন্ন হয়েছে।’