পেয়ারা ছেঁড়ার অপরাধে শিক্ষার্থীকে মারধর!

সাভারে একটি বেসরকারি স্কুলের গাছের পেয়ারা ছেঁড়ার অপরাধে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে স্কুলের প্রধান শিক্ষক। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে সাভারের রাজাশন এলাকার আল-আমিন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আহত স্কুল শিক্ষার্থীর নাম হাসানুল খান শুভ।

আহত স্কুল শিক্ষার্থীর বাবা শফিউল্লাহ খান বলেন, তার ছেলে সাভারের রাজাশন এলাকার আল-আমিন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র। সোমবার বিকেলে স্কুলে যাওয়ার পর তার ছেলে গাছের একটি পেয়ারা ছেঁড়ে। এসময় পেয়ারা ছিঁড়তে দেখে ওই স্কুলের প্রধান শিক্ষক এ.বি.এম আব্দুল বাতেন ওই ছাত্রকে শ্রেণির কক্ষের ভেতরে পিটিয়ে গুরতর আহত করে। খবর পেয়ে আহত শুভ’র পরিবার সদস্যরা স্কুলে পৌঁছে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক এ.বি.এম আব্দুল বাতেন পেয়ারা ছেঁড়ার অপরাধে ওই ছাত্রকে পিটিয়ে আহত করার বিষয়টি স্বীকার করে বলেন, ছেলেটি মাঝে মধ্যেই গাছের পেয়ারা ছেঁড়ে। এ কারণেই তাকে বেত্রাঘাত করা হয়েছে।

এ ব্যাপারে সাভার উপজেলা শিক্ষা অফিসার মেনজিস বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

/টিএন/