মানিকগঞ্জে যমুনা নদীর বাম তীর সংরক্ষণ কাজ শুরু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় দুই কিলোমিটার যমুনা নদীর বাম তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এএম নাঈমুর রহমান দুর্জয়। মঙ্গলবার দুপুরে ৫৭ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে  স্থায়ী সংরক্ষণ কাজের উদ্বোধন করেন তিনি। এফআরইআরএমআইপি প্রকল্পের এই কাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয় তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল করিম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সংশ্লিষ্ট ঠিকাদার আবদুর রাজ্জাক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমান, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গালিব খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান জানু, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠুসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান ও জনসভায় সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে যমুনায় নিঃস্ব ২৮টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়।

/বিটি/টিএন/